পাবনা শহরের অনন্ত এলাকা থেকে রবিবার (৩ মে) বিকালে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে গ্রেফতার করেছে র্যাব। ওই যুবকের নাম সাকিব হোসেন (১৮)। সে সদর উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরেই নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখানোসহ ত্রাস সৃষ্টি এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এসব অভিযোগের পর অনন্ত এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা সাকিবকে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক যুবককে পাবনা সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে অস্ত্রসহ সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।