সিরাজগঞ্জের শাহজাদপুরের পারকোলা গ্রামে ৬০ বছরের বেশি বয়সের কৃষক আলী আজগরকে খুনের ঘটনায় সাবেক পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান পীযূষ ও তার সহোদর অরূপ রহমানসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ১১০ জনের নামে মামলা হয়েছে। নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে সোমবার (৪ মে) রাতে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন। সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি পীযূষসহ ৮৫ জনের নামে এবং বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলে আশিক এই মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্তের স্বার্থে আসামিদের সবার নাম ও মামলার ফটোকপি দিতে মঙ্গলবার (৫ মে) দুপুরে অপরাগতা প্রকাশ করেন ওসি আতাউর রহমান।
উল্লেখ্য, সরকারি খাস পুকুরের দখল এবং রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা নিয়ে পারকোলা গ্রামে দুই কমিশনারের দ্বন্দ্ব ও শত্রুতা দীর্ঘদিনের। গত ৪ বছর আগে নির্বাচনের সময় থেকেই বর্তমান কমিশনার বেলাল হোসেন ও সাবেক কমিশনার মোস্তাফিজুর রহমান পীযূষের মধ্যে এলাকার অধিপত্য বিস্তার নিয়ে চরম দ্বন্দ্ব। সাংবাদিক শিমুল খুনের ঘটনায় আসামি হয়ে পলাতক থাকলেও জামিনে মুক্ত হয়ে সম্প্রতি নিজ গ্রামে ফিরে আসেন পীযূষ। পীযূষ এলাকায় আসার পরপরই গ্রামের দু’গ্রুপের মধ্যে থেমে থেমে হামলা ও মামলার ঘটনা ঘটলেও পুলিশ শুরু থেকেই সেভাবে আমলে নেয়নি বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত রবিবার সকালে নির্মমভাবে খুন হন কৃষক আজগর আলী।
ওসি আতাউর রহমানের দাবি, পুলিশ শুরু থেকেই তৎপর থাকলেও মামলার কারণে কাজে কিছুটা ধীরগতি হয়। তারপরেও অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।