শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়, বাস ছাড়া আসছে সব ধরনের যানবাহন

শিমুলিয়া ফেরি ঘাটের একটি ফেরির চিত্র

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আজ রবিবারও (১০ মে) ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীবাহী বাস বাদে সব ধরনের যানবাহন ফেরিতে পার হতে দেখা গেছে। এদিন শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এ রুটে দিনে সাতটি ফেরি ও রাতে ১২ টি ফেরি চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, সকালের দিকে ঢাকামুখী যাত্রীদের সামান্য কিছু চাপ ছিল। তাদের মধ্যে পোশাককর্মীরা বেশি। তবে, এখন কোনও চাপ নেই। ঘাটে গাড়ি রানিং আছে।

শিমুলিয়া ফেরি ঘাট

তিনি আরও বলেন, দিনের বেলায় ৭/৮ টি ফেরি চললেও রাতের বেলা ১২/১৩টি ফেরি চলে। কারণ, রাতে পণ্যবাহী গাড়ির চাপ বেশি থাকে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, পোশাককর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফেরিতে নদী পার হচ্ছে। তাদের বেশিরভাগের গন্তব্য ঢাকা।

শিমুলিয়া ফেরি ঘাট

প্রসঙ্গত: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের ২১ জেলার পোশাককর্মীরা শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুট দিয়ে ফেরির মাধ্যমে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ যাচ্ছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাড়াও গুনতে হচ্ছে কয়েক গুণ।