ফেনীতে কৃষকের কাছ থেকে বোরো সংগ্রহ শুরু



জেলা খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন ফেনীতে ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে অনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জেলা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।





জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদরে এক হাজার ২শ’ ৬১, ছাগলনাইয়ায় ৭শ’ ৪১, দাগনভূঞায় এক হাজার ২৩, পরশুরামে ৩শ’, ফুলগাজীতে ৫শ’ ৩৪ ও সোনাগাজীতে একশ’ ৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কেজিপ্রতি ৩৬ টাকা দরে ফেনী জেলায় চাল সংগ্রহ করা হবে চার হাজার ৫শ’ ৫৩ মেট্রিক টন।
জেলা প্রশাসক বলেন, ‘ফেনীতে তিন হাজার ৯শ’ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মণপ্রতি কৃষককে এক হাজার ৪০ টাকা করে দেওয়া হবে। ধানের ন্যায্যমূল্য দিতে কেউ কৃষকদের সঙ্গে গড়িমসি করলে কিংবা নয়-ছয় করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।’
জেলায় এবার বোরো আবাদ হয়েছে ২৬ হাজার ২১০ হেক্টর জমিতে। এ থেকে এক লাখ ১৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি অধিদফতরের উপপরিচালক মো. তোফায়েল আহমেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।