ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহাঙ্গীর মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ডেঙ্গাপাড়া গ্রামের লীল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে নিহত জাহাঙ্গীর মিয়াকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরই স্থানীয়রা পাশের গ্রামের কাদৈর বিলে জাহাঙ্গীর মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা তার বাড়ির লোকজনকে খবর দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত এসপি মকবুল হোসেন বলেন, 'নিহতের শরীরে ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।'
লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরেও ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।