গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

received_2704275879806708

চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শাখাসড়ক অবরোধ করেছে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানায় শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) নামাজের বিরতির পর থেকে তারা বিক্ষোভে অংশ নেয়। এসময় শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার হয়েছে বলে অভিযোগ তাদের।

বিক্ষোভকারীরা জানান, ওই শিল্প গ্রুপের পক্ষে শ্রমিকদের চলতি মে মাসের আংশিক বেতন ও ঈদ বোনাস না দেওয়ার তথ্য জানিয়ে দেয় কর্তৃপক্ষ। গত দুদিন ধরে সাধারণ শ্রমিকদের মধ্যে ওই তথ্যটি ছড়িয়ে পড়ে। মঙ্গলবার নামাজের বিরতির পর উৎপাদন বন্ধ করে ওই গ্রুপের তিনটি কারখানার কমপক্ষে আট হাজার শ্রমিক বিক্ষোভ করে কারখানার বাইরে চলে যায়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে।

ওই গ্রুপের ইভিটেক্স অ্যাপারেলস ও ফ্যাশন লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) শেখ মনিরুজ্জামান জানান, মে মাস এখনও শেষ হয়নি। বোনাস না দেওয়ার তথ্যটি অপপ্রচার। সরকারি নির্দেশে আমরা অর্ধেক বোনাস দেওয়ার ঘোষণা প্রতিটি ফ্লোরের শ্রমিকদের জানিয়ে দিয়েছি।