ওই এলাকার আসাদ শেখসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের মধ্যে। এসব ব্যক্তির দাবি, এ ঘটনার একপর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামের নির্দেশে শিহাব বিশ্বাস, আবু সাঈদ মণ্ডল, বক্কার মোল্যার নেতৃত্বে বেছে বেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের বাড়িতে আক্রমণ শুরু হয়। এ সময় তারা ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ওসমান, আবু তালেব, ফুয়াদসহ ১০/১২ জনকে কুপিয়ে আহত করে। তারা অন্তত ১০০ বাড়িঘর ভাঙচুর ও ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
সংঘর্ষের ঘটনায় অভিযুক্তরা বাড়িতে না থাকায় তাৎক্ষণিক কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।