বগুড়ায় শাকিল (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরের আগে শহরের আকাশতারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব বিরোধের জের ধরে শাকিল রামদা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করতে গিয়েছিল। প্রতিপক্ষরা দা কেড়ে নিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতার আল আমিন নামে এক যুবকের স্ত্রীর সঙ্গে শাকিলের সুসম্পর্ক ছিল। আল আমিন জামিনে বের হলে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। এছাড়া শাকিল শহরের ধাওয়াপাড়া ও নারুলী এলাকায় অবৈধ বালু ব্যবসা ও জুয়া নিয়ন্ত্রণ করতো। ওই জুয়ার আসর থেকে সে ৩০ হাজার টাকা চাঁদা নিতো। এসব বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সহযোগীদের সঙ্গে তার বিরোধ হয়। এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাকিল আকাশতারা এলাকায় গিয়ে শাওন ও হাবিব নামে দুজনের ওপর চড়াও হয়। তখন তাদের সহযোগীরা শাকিলের মাথায় রামদা দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব বিরোধের জের ধরে শাকিল শুক্রবার সকালে র্যাকেটের কাভারের মধ্যে রামদা লুকিয়ে নিয়ে মোটরসাইকেলে শহরের আকাশতারা এলাকায় যায়। সেখানে প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা রামদা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে। প্রকাশ্যে মলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।