গোমতীর চরাঞ্চলের মানুষদের কৃষিসহ বিভিন্ন উপকরণ দিলো বার্ড

গোমতীর চরাঞ্চলের মানুষদের কাছে বিভিন্নরকম গাছের চারা বিতরণ করে বার্ড।

কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) বিভিন্ন কৃষি ও অকৃষি উপকরণ বিতরণ করেছে। সোমবার (১৫ জুন) জেলার দাউদকান্দি উপজেলার গোমতির চর নতুন হাসনাবাদ গ্রামে ‘অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন’ শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীদের মাঝে বিভিন্ন কৃষি ও অকৃষি উপকরণ বিতরণ করেন বার্ড কর্মকর্তারা।

বার্ডের সহকারী পরিচালক মো. মোশারেফ হোসেন ভূঁইয়া জানান, সুবিধাভোগীদের মাঝে এক হাজার উন্নত জাতের হাঁসের বাচ্চা, ৬২৫টি কোয়েলের বাচ্চা, সাত মণ আমন ধানের বীজ এবং বিভিন্ন জাতের মৌসুমি হাইব্রিড শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও, একশ’বজ্রনিরোধক তাল ও খেঁজুর গাছের চারার পাশাপাশি বিভিন্ন প্রজাতির তিন হাজার বনজ, ফলজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়।

গোমতীর চরাঞ্চলের কিছু সুবিধাবঞ্চিত নারীকে কর্মোক্ষম করে গড়ে তুলতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেয় বার্ড।

তিনি আরও জানান, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিপদাপন্ন ৫ জন বিধবা নারীর মাঝে ৫ টি সেলাই মেশিন এবং একজনকে একইসঙ্গে অধিক ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য বার্ড উদ্ভাবিত কল্যাণ ইনকিউবেটরের সঙ্গে ১২৫টি উন্নত জাতের ডিম দেওয়া হয়। চলমান কোভিড-১৯ মহামারির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।

বার্ডের মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. শাহজাহানের প্রতিনিধি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রিয়াজ মাহমুদ, সহকারী প্রকল্প পরিচালক মো. মোশারেফ হোসেন ভূঁইয়া এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার পারভেজ আহমেদ ফারুক।