ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাউদ্দিন বাবুল (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্ডর বাড়িতে মারা যান তিনি।
নিহতের বড় ভাই মোবারক হোসেন জানান, করোনায় আক্রান্ত ছিলেন তার ভাই। গত ৪ জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হলে পরীক্ষার ফলাফলে রিপোর্ট পজিটিভ আসে। রবিবার বিকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। রাতে সেটি প্রবল আকার ধারণ করে। রাত সাড়ে এগারটার দিকে তিনি মারা যান।
মোবারক হোসেন আরও বলেন, এর আগে গত ২ জুন তিনিসহ আমাদের পরিবারের চার সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সেই থেকে আমরা আইসোলেশনে ছিলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, স্বেচ্ছাসেবীদের সহায়তায় সরকারি নির্দেশনা মেনে রবিবার রাত আড়াইটার দিকে তাকে দাফন করা হয়েছে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরমান বিন আবদুল্লাহ জানান, স্থানীয় একটি মাদ্রাসায় ইংরেজি বিষয়ের শিক্ষক পরিচয়ে কিছুদিন আগে করোনা উপসর্গ নিয়ে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন সালাউদ্দিন বাবুল। তখন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আশানুরূপ চিকিৎসা না পেয়ে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। তাদের একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাড়িটি লকডাউন করা হয়েছিল।