কক্সবাজারে আইসিইউ ও এইচডিইউ ইউনিট চালু

কক্সবাজার জেলায় কোভিড-১৯ মোকাবিলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০ বেডের অত্যাধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এবং ৮ বেডের এইচডিইউ চালু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে জেলা সদর হাসপাতাল সংলগ্ন অস্থায়ী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নতুন স্থাপিত এ ইউনিট দুটির উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

পরে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা অওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহিউদ্দিন, ইউএনএইচসিআর প্রতিনিধি হিরাকা টোকি বক্তব্য রাখেন।

এ সময় চিকিৎসকগণসহ এনজিও সমূহের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর)-৩৫ কোটি টাকারও অধিক ব্যয়ে অত্যাধুনিক বহুমুখী সুবিধা সম্বলিত এই ১৮ বেডের আইসিইউ এবং এইচডিইউ নির্মাণ করেছে। কক্সবাজার সদর হাসপাতালে ১৮ বেডের আইসিইউ এবং এইচডিইউ-তে ভেন্টিলেটর সার্ভিসের জন্য অক্সিজেন প্ল্যান্টও নির্মাণ করা হয়েছে।