মহিষ চরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

শাহজাহান মিয়া ও এলেনা বেগম

টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ চরাতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, ওই গ্রামের শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী এলেনা বেগম (৩০)। ওই দম্পতির অনিক (১৪) ও জান্নাত (৬) নামে দু’টি সন্তান রয়েছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সকাল সাড়ে ৭টার দিকে শাজাহান মিয়া মহিষ চরাতে বাড়ির পাশে মাঠে যান। এসময় মাঠের ওপর পড়ে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদার) বিদ্যুতের মেইন লাইনের তারে শাজাহান জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে এলেনা বেগম এগিয়ে গেলে তিনিও জড়িয়ে পড়েন। পাশে থাকা তাদের ছেলে অনিক সাহায্য করতে গেলে সেও আহত হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দুজনকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।