হবিগঞ্জে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগান শ্রমিকদের ভোগদখলকৃত চাষের জমিতে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।
রবিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চান্দপুর ও বেগমখান ভূমি রক্ষা কমিটি।
সভায় বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে এই জমিতে ফসল চাষ করে আসছি।  আমাদের জীবন থাকতে এই জমি দেবো না। আমরা এদেশ স্বাধীন করেছি, এদেশে অনেক চা শ্রমিক শহীদ হয়েছে। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনও অবস্থায় চা বাগানে ইকনোমিক জোন স্থাপন করতে দেওয়া হবে না।
চান্দপুর ও বেগমখান ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক স্বপন সাঁওতাল, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন পাত্র, সদস্য সচিব সূর্য্য কুমার রায়, লক্ষী চরণ বাকতি, সদস্য মনি শংকর, শিশু কর্মকার, বিজল কানু, গীতা বানু, মোহন, সন্ধ্যা ভৌমিক প্রমুখ।
পরে সমাবেশ শেষে জেলা প্রসাশক সাবিনা আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে বিকালে হবিগঞ্জ শহরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।
/আরএ/টিএন/

আপ: আরএ