গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে কাশিয়ানী উপজেলার সিংড়া গ্রামে এই ঘটনা ঘটে। সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফারুক আহম্মেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তিরা হলো- সিংগা পশ্চিমপাড়া গ্রামের রবি চরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের নেপাল সমাদ্দারের ছেলে সুজিৎ সমাদ্দার (৪০)।
জানা গেছে, মাটি কাঁটা শ্রমিকরা ট্রলারে করে মাটি কেটে নিয়ে লোকজনের বাড়িতে দেওয়ার উদ্দেশ্যে সিংগা পশ্চিমপাড়া দত্তবাড়ির কাছে এলে বাশেঁর লগির সঙ্গে বিদ্যুতের খুটিতে টানানো তারে লেগে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।