দিনাজপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নদীতে এবং অন্যজন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর একটার দিকে ৬-৭ জন বন্ধু মিলে বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীতে গোসল করতে যায় ফাহিম ইসলাম (১৩)। পরে সে গভীর পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুপুর আড়াইটার দিকে ফাহিম ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে এবং বীরগঞ্জ আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে জেলার নবাবগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে রাহাত বিন মাবিল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, শনিবার দুপুরে উপজেলার শাল্টি মুরাদপুর পুঠিহার গ্রামের নিজ বাড়ির পাশে পুকুরে কয়েকজন শিশুসহ গোসলে নামে রাহাত বিন মাবিল। এসময় পুকুরে পানি বেশি থাকায় হঠাৎ করে সে গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুরের পানিতে অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করার আগেই শিশুটি মারা যায়। রাহাত বিন মাবিল ওই এলাকার মাহাবুল আলমের ছেলে।