সরকারি চাল জব্দ, ২ ক্রেতা আটক

ত্রাণের চালসহ আটক দুই ক্রেতাসিরাজগঞ্জে ১৫শ’ কেজি ত্রাণের চালসহ দুই ক্রেতাকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তাদের দুজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) বরাবর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। কাজিপুরের ইউএনও ও নির্বাহী হাকিম জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন– কাজিপুরের শুভগাছা গ্রামের মোনারুল ইসলাম ও চাঁন মিয়া।

এদিকে, সরকারি চাল ক্রয় সিন্ডিকেটের মূল হোতা শুভগাছার কালোবাজারি ব্যবসায়ী আব্দুস সালামকে ধরতে পারেনি পুলিশ।

জাহিদ হাসান সিদ্দিকী জানান, সাজাপ্রাপ্ত দুজন গোডাউন মালিক সালামের কাছ থেকে টোকেন নিয়ে চাল উত্তোলন করে গোডাউনে পৌঁছে দেওয়ার কাজ করছিল। বিনিময়ে টোকেন প্রতি তারা পঞ্চাশ টাকা করে পেতো।  সালামকে ধরার চেষ্টা চলছে। গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।