গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার

ফেনীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজন গ্রেফতার।

ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরামে হোসেন পারভেজ (১৯)। শনিবার (২২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশের একটি বাগানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ পেয়েছি এই চার জনের বিরুদ্ধে।

এই ঘটনায় রাতে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।