নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। ডাক বিভাগের দায়ের করা দুর্নীতির মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে তিনি জানান। গ্রেফতার দুই জন হলেন সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।
নোবেল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পায় কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে ডাক বিভাগ কর্তৃপক্ষ। তারা থানা পুলিশকে জানায়, দুর্নীতির মাধ্যমে দুই কর্মকর্তা সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ডাক বিভাগ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি করেন। পরে ওই জিডি মূলে তাদের গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তারা থানা হাজতে আছেন। দুই জনকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুদকই তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেবে।
ডাক বিভাগের অভিযোগপত্রে বলা হয়, বুধবার ওই শাখায় তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে লেনদেনের তথ্য যাচাই করেন জিপিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখনই ৪৫ লাখ টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। নূর মোহাম্মদ প্রথমে অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে সে দুই দফায় ২১ লাখ ৪৯ হাজার টাকা বের করে দেন। বকি ২৩ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।