প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫ হাজার টাকা অনুদান পেলেন রাজশাহী নগরীর মথুরডাঙ্গা এলাকার মোসা. মেহেরুন নেশা। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা তুলে মেহেরুন নেশার হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) রনী খাতুন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক মেহেরুন নেশাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাকে ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হলো। আপনি আর ভ্যানগাড়ি চালিয়ে বিস্কুট বিক্রি করে বেড়াবেন না। এই টাকা নিয়ে কোনও জায়গায় একটা দোকান নিয়ে ব্যবসা চালু রাখবেন।
শরিফুল হক আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে ভ্যান চালিয়ে বিস্কুট বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। বিষয়টি রাজশাহী জেলা প্রশাসকের নজরে আসলে এই অনুদানের চেক তুলে দেওয়া হয় মেহেরুন নেশার হাতে।