বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুর (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের হয়।
র্যাব-১২-এর সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
এতে বলা হয় মঙ্গলবার রাতে রেলওয়ে কলোনির মার্কাজ মসজিদ এলাকা থেকে ছাত্রলীগ নেতা শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে। শুকুর আলী একই মহল্লার আহমেদ মুন্সীর ছেলে।
আদালতের মাধ্যমে বুধবার দুপুরে শুকুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সদর থানার ইন্সপেক্টর (অপারেশেন) নুরুল ইসলাম জানান।