তিন দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা

HILI PORT PIC 1



আবারও তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। বন্দরে গত সোমবার (৩১ আগস্ট) প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৬-২৭ টাকা দরে বিক্রি হলেও বুধবার ( ২ সেপ্টেম্বর) তা খানিকটা বেড়ে বিক্রি হয়েছে ৩২-৩৩ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, দেশের বাজারে চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ায় কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়। তাই সেদেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমেছে। ফলে আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এজন্যেই বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। এছাড়াও আগে বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২০-২৫ ট্রাক হচ্ছে।

অপরদিকে দেশীয় পেঁয়াজের দামও আগের তুলনায় খানিকটা বাড়ার কারণে আমদানি পেঁয়াজের চাহিদা বেড়েছে, ফলে দামও বাড়ছে।