দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২




দিনাজপুরদিনাজপুরের বিরলে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতার হয়েছেন উপজেলার পলাশবাড়ী ইউপির মুন্সিপাড়ার বুদু মোহাম্মদের ছেলে লিটন হোসেন (৩০) ও রাণীপুকুর ইউপির সুমনের মেয়ে মোছা. শানু (২৪)। অপর আসামি কটিয়াপাড়ার বেলাল হোসেনে ছেলে মোস্তফা ওরফে ধলু (২৮) পলাতক রয়েছে।

বিরল থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ২টার দিকে ঢাকায় ভালো বেতনের চাকরির কথা বলে ওই স্কুলছাত্রীকে অভিযুক্ত শানু লিটন হোসেন ও মোস্তফার হাতে তুলে দেয়। পরে শানুর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় চার্জার অটোযোগে প্রথমে চককাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে একটি ঘরে ভিকটিমকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে লিটন ও মোস্তফা। পরে ভিকটিমকে ঢাকার বাইপাইল নামক স্থানে অজ্ঞাতনামা এক বাসায় নিয়ে গিয়ে ফের ধর্ষণ করা হয়।

এদিকে ভিকটিমের পরিবার খোঁজ করে জানতে পারে ভিকটিমের সঙ্গে শানুকে এলাকার লোকজন কথা বলতে দেখেছে। পরে শানুকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভিকটিমকে ওই দু'জনের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করে। পরে মোবাইলেফোনে যোগাযোগের মাধ্যমে ৪ অক্টোবর রাতে ভিকটিমকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ভিকটিমের প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সোমবার রাতে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) ৭/৯(৩)/৩০ ধারায় মামলা করেন তার বাবা। মামলা দায়েরের পরই ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বিরল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।