অন্যায়ের সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না: আইজিপি

Gopalganj IGP at BB Mazar Photo-03(08.10.2020)

 

সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, 'আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি- এসব ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করাবো এবং আদালতে সোপর্দ করবো। আমাদের দৃঢ় বিশ্বাস, এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে পাবে।'

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, 'সরকার প্রত্যেকটি ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা অপরাধী, তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ না, যেসব মামলা রয়েছে দ্রুততম সময়ের মধ্যে তার চার্জশিট দেওয়া হবে। এটি হচ্ছে আইনি দায়িত্ব।'

দুপুর সোয়া ১২টায় তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধি সৌ‌ধে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। প‌রে ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদ‌স্যের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও বি‌শেষ মোনাজাত করা হয়।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র‍্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি, বিপিএম)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।