সিংগাইরে মিনিট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২




মানিকগঞ্জহেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেল পৌনে ৪টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আনোয়ারা খাতুনের স্বামী নাজিমুদ্দিন (৫০)। নিহত নাজিমুদ্দিন দুই সন্তানের জনক ও ঢাকার ধামরাই উপজেলার দেবহাটি পূর্বপাড়া গ্রামের জহির উদ্দিনের পুত্র। নিহত শিশু সাভার উপজেলার মো. রোমানের ৭ মাসের কন্যা ইনফা।

সিংগাইর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর সদর থেকে ছেড়ে আসা মিনিট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-১১-৫১৫৪) সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিনএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু ইনফা ও নাজিমুদ্দিন। এ সময় সিএনজি চালকসহ তিন জন আহত হন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত অপর দু’জনের মধ্যে নিহত শিশু ইনফার মা হালিমা আক্তার (৩০) ও সিংগাইর উপজেলার বলধারা পারিল-নওয়াধা গ্রামের সাইফুল ইসলামকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।