মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে শ্যালক-ভগ্নিপতি নিহত

সড়ক দুর্ঘটনাগোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও ভগ্নিপতি মারা গেছেন। শুক্রবার (অক্টোবর) রাতে আহত ভগ্নিপতি আবু সাঈদ শেখ (২৩) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ দুর্ঘটনায় বিকালে তার শ্যালক আমিন শেখ (২০) মারা যান। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবু সাঈদ শেখ ফরিদপুর জেলার দিগনগর গ্রামের ইসাহাক শেখের ছেলে। আমিন গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের লুৎফর শেখের ছেলে।  

ওসি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্যালক আমিন শেখ ও ভগ্নিপতি আবু সাঈদ শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিন শেখকে মৃত ঘোষণা করেন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ শেখ মারা যান।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।