গৃহকর্মী ও কিশোরী ধর্ষণের পৃথক ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুটি পৃথক ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ফজল করিম (৬৫) নামে একজনকে উপজেলার চরখিজির পুর এলাকা থেকে এবং শিমুল দে (৩২) নামে আরেকজনকে শাকপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতার ফজল করিম একই উপজেলার চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। অন্যদিকে শিমুল দের বাড়ি বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়ায়। শিমুল দে বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা সুধীর মাস্টারের ঘরে ভাড়া থাকতো।

ওসি আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরখিজিরপুর গ্রামের এক গৃহবধূ ফজল করিমের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। শুক্রবার রাতে ওই গৃহবধূ ও তার স্বামী থানায় এসে অভিযোগ করেন- শুক্রবার কাজের ফাঁকে ফজল করিম ওই গৃহবধূকে ঈদে মিলাদুন্নবীর তবারক দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। রাতে অভিযোগ পেয়ে সকালে ফজল করিমকে গ্রেফতার করা হয়েছে।’

অন্যদিকে, ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিমুল দে কে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ওসি আব্দুল করিম বলেন, ‘শনিবার বিকাল ৩টার দিকে শিমুল দে ওই কিশোরীকে বাড়ি থেকে কৌশলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ফিগো গার্মেন্টেসের পেছনে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।'

গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।