কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

কর্ম‌বিরতি প্রত্যাহ‌ারের ঘোষণা দি‌য়ে‌ কাজে যোগ দিয়েছেন ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতিতে যাওয়ার ৪ দি‌নের মাথায় ত্রিপ‌ক্ষীয় আলোচনার ভিত্তিতে সমঝোতার মাধ্যমে কাজে যোগ দেন ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর পৌনে ২টায় ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশ‌নের সভাপ‌তি সজল পা‌ন্ডে এবং সাধারণ সম্পাদক ত‌রিকুল ইসলাম সাংবা‌দিক‌দের এই তথ্য জা‌নি‌য়ে‌ছেন। ঘোষণা দেওয়ার পরপরই কা‌জে যোগ দেওয়ার কথা জানান তারা।

এর আগে হাসপাতা‌লের প‌রিচাল‌কের কার্যাল‌য়ে প‌রিচালক ও জ্যেষ্ঠ চি‌কিৎসকরা কর্ম‌বিরতি‌তে থাকা ইন্টার্ন চি‌কিৎসক ও সাধারণ সম্পাদক এবং প্র‌তিপক্ষ মে‌ডি‌সিন ইউনিট-৪ এর সহকারী রে‌জিস্ট্রার ডা. মাসুদ খানের ম‌ধ্যে আলোচনা হয়। এই আলোচনা ফলপ্রসূ হওয়ায় ইন্টার্ন চি‌কিৎসকরা কর্ম‌বিরতি প্রত্যাহা‌রে সিদ্ধান্ত নেন।

ত‌বে এ বিষ‌য়ে মঙ্গলবার গণমাধ্য‌মে কথা বল‌তে রাজি হন‌নি হাসপাতা‌লের প‌রিচালক।

এর আগে গত ২১ অক্টোবর মে‌ডি‌সিন ইউনিট-৪ এর সহকা‌রী রে‌জিস্ট্রার ডা. মাসুদ ইন্টার্ন চি‌কিৎসক‌দের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক কর্তৃক হামলার অভিযোগ তু‌লে হাসপাতা‌লের প‌রিচালক বরাব‌রে লি‌খিত অভিযোগ ক‌রেন। পর‌দিন ২২ অক্টোবর ডা. মাসুদ খা‌নের বিরুদ্ধে ক‌মিশন বা‌ণি‌জ্যের পাল্টা লি‌খিত অভিযোগ ক‌রেন ইন্টার্ন চি‌কিৎসকরা।

৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হ‌য়ে থানায় মামলা কর‌লে ৩১ অক্টোবর দুপুর ২টা থে‌কে কর্ম‌বিরতি শুরু ক‌রে ইন্টার্ন চি‌কিৎসকরা।