‘বাবাকে জীবিত ফেরত চাই’

 

 

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজ রামজান আলী গুডুকে উদ্ধারের দাবিতে তার পরিবার সদস্যসহ এলাকাবাসীর মানববন্ধন

হুট করে বাবাকে হারিয়ে কাঁদছে তিন নাবালক ছেলে-মেয়ে। মানববন্ধনে দাঁড়িয়ে সবার কাছে অনুরোধ করে বলছে ‘আমরা আমাদের বাবাকে জীবিত অবস্থায় ফেরত চাই। আমাদের বাবাকে ফিরিয়ে দিন।’ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা গ্রামের মো.রমজান আলী গুডু (৪০) গত ২২ অক্টোবর নিখোঁজ হওয়ার পর। তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুরা গ্রামে গুডুকে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে পরিবার সদস্যসহ তার প্রতিবেশী ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। সেখানেই এই আবেদন জানান গুডুর ছোট ছোট ছেলেমেয়ে সবুজ (৯),  শিমূল (৭) ও  কেয়া (১৬)। তারা এ বিষয়ে প্ল্যাকার্ডও প্রদর্শন করে।

নিখোঁজের স্ত্রী ও ছেলেমেয়েরা জানান, হাটমাগুরা গ্রামে তাদের বাড়ি। গত ২২ অক্টোবর রাতে তিন শিশুর বাবা মো.রমজান আলী গুডু (৪০) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরদিন তার  (গুডুর) বড় ভাই মো.শহীদুল ইসলাম মাদারগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপরেও তাকে খুঁজে না পেয়ে ২৭ অক্টোবর বড় ভাই মো.শহীদুল ইসলাম একই থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায় , তিন মাস আগে তার ছোট ভাই মো.রমজান আলী গুডুর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় একই এলাকার মো.আবুল খানের ছেলে মো.বায়োজিদ (২৪)। কিন্তু, মেয়ে নাবালিকা হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজি হননি বাবা রমজান আলী। এতে ক্ষিপ্ত হয়ে বায়োজিদ ও তার চাচা সেলিম খানসহ পরিবারের লোকজন রমজান আলীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এরপরই রমজান আলী গুডু নিখোঁজ হন। মানববন্ধনে আশঙ্কা ও অভিযোগ করা হয়, ওই কারণেই রমজান আলীকে অপহরণ করেছে তারা। 

নিখোঁজ রমজান আলী গুডুকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিখোঁজ মো.রমজান আলী গুডুকে উদ্ধার ও সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিখোঁজ রমজান আলীর বাবা আব্দুল মণ্ডল, স্থানীয় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল বারেক, সহ সভাপতি মো.জহুরুল হক মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.মঞ্জু মিয়া প্রমুখ।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ মো.সামিউল আলম জানান, থানায় মামলা হওয়ার পর নিখোঁজ মো.রমজান আলী গুডকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি  ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।