কাশিয়ানীতে ইজিবাইক চালকসহ দুই জনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা স্থান থেকে এক ইজিবাইক চালকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তালতলা ও তেঘরিয়া গ্রামের খাল থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইক চালক শামীম মিয়া (২৩) ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের ঠান্ডু শেখ (৬৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গত ২ নভেম্বর শামীম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার তালতলা গ্রামের একটি খালে শামীমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের একটি খাল থেকে ঠান্ডু শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশের একটি খালের কচুরিপানা পরিষ্কার করছিলেন ঠান্ডু শেখ। এসময় ওই খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।