পাখি পোষা মানুষের চিরন্তন শখ। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার হলপাড়া এলাকার বাসিন্দা মো. রানা ইসলাম তাদেরই একজন। শখ থেকে পাখি পালন করেন তিনি। এখন তা পরিণত হয়েছে উপার্জনের মাধ্যম।
বিদেশি বিভিন্ন প্রজাতির নানান রঙের পাখির নয়নাভিরাম সংগ্রহ আছে এই তরুণের। লাভ বার্ড, ককাটিয়েল, বাজরিগার, ফিঞ্চ, ডায়মন্ড ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু প্রভৃতি উল্লেখযোগ্য।
পেশায় রাজমিস্ত্রী হলেও সাত বছর ধরে শখে পাখি পালন করেন রানা ইসলাম। বাজরিগার পাখি দিয়ে হয়েছিল শুরুটা। এরপর কেনেন ককাটিয়েল। দিনে দিনে পাখির বংশ বৃদ্ধি পেয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে রাজমিস্ত্রির কাজ বন্ধ রয়েছে। উপার্জনের জন্য রানা ইসলাম দোকানটি দিয়েছেন। ‘পাখি মেলা’য় এখন বেচাকেনা ভালোই চলছে। তিনি বলেন, ‘৩০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দামের পাখি আছে আমার দোকানে। বিদেশি প্রজাতির পাখি দেখতে সুন্দর হওয়ায় ব্যাপক চাহিদা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে পাখি কিনতে আসে।’