বাস-মাইক্রোবাস সংঘর্ষ, চার বিচারকসহ আহত ৬

 

গোপালগঞ্জ১
গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ছয় জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলো। মাইক্রোবাসটি লিংকরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জ২এতে মাইক্রোবাসে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মো. হুমায়ূন কবীর, জেলা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সঙ্গে থাকা পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।