হেলিকপ্টারে করে বউ নিলেন সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে হেলিকপ্টারে করে বিয়ে বাড়িতে যাওয়া ও কনে নিয়ে ফেরত এসেছেন সাখাওয়াত হোসেন সাক্কু নামে সাবেক এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিশনন্দী কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও বরের পরিবার সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাক্কু বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। সাখাওয়াত হোসেনের সঙ্গে পাশের আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে শাহীনুর আক্তার হ্যাপির বিয়ে হয়েছে।

কনের বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটারের মতো। এই অল্প দূরত্ব পাড়ি দিতে বর ভাড়া করেন হেলিকপ্টার।

স্থানীয়রা জানান, ভাড়া করা হেলিকপ্টারটি বিশনন্দী মসজিদ মাঠে নামানো হয়। বেলা পৌঁনে তিনটার দিকে সেখান থেকে হেলিকপ্টারে চেপে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বর সাখাওয়াত হোসেন সাক্কু। বিকেল সোয়া চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারেই করে বউ নিয়ে ফেরেন বর।

সাখাওয়াত হোসেনের পরিবারের লোকজন জানান, সাখাওয়াতের খুব শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করতে যাবে। সেই শখ পূরণ করতেই এই আয়োজন।

আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, সাখাওয়াত হোসেন সাক্কুর চাচা খোরশেদ হেলিকপ্টারের যাবতীয় খরচ বহন করেছেন বলে শুনেছি। ওই বিয়েতে স্থানীয় এমপিও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বর সাখাওয়াত হোসেন সাক্কুর মোবাইলফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।