সরকারি চাল দ্বিগুণ দামে বিক্রি করায় ডিলারশিপ বাতিল

বগুড়া

বগুড়ার কাহালুতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি বস্তার চাল নির্ধারিত ৩০০ টাকার বদলে দ্বিগুণ দামে বিক্রি করায় উপজেলার কালাই কর্ণিপাড়ার আবদুল জলিলের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার বুধবার দুপুরে বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল গরিবদের মাঝে বিতরণ কার্যক্রম পরিদর্শনে বের হন। তারা কালাই কর্ণিপাড়ায় গিয়ে জানতে পারেন, ডিলার আবদুল জলিল ৩০০ টাকা মূল্যের ৩০ কেজির বস্তা চাল ৬০০ টাকায় বিক্রি করেন। দ্বিগুণ দরে চাল বিক্রির তথ্য প্রমাণ পাওয়ার পর তার ডিলারশিপ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান বুধবার বিকালে এর সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি শর্ত ভঙ্গ করায় কালাই কর্ণিপাড়ার ডিলার আবদুল জলিলের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।