ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জানাজায় মানুষের ঢল

 

126015036_719740142255757_3348519154375780109_n

হাজারও মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন ভাষা সৈনিক ও বিশিষ্ট সমাজসেবক জাহিদ হোসেন মুসা মিয়া (৯০)। বুধবার (১৮ নভেম্বর) বাদ জোহর ঝিনাইদহ কেন্দ্রীয় ওয়াজীর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দান মাঠে তার জানাযা সম্পন্ন হয়। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লোকারণ্য মাঠে জাহিদ হোসেন মুসা মিয়ার জ্যেষ্ঠ পুত্র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল পিতার বিদেহী আত্মার জন্য দোয়া চান সবার কাছে।

Jhenidah Vasha soinik Dead photo 18-11-2020

জানাজায় অংশ নেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিএনপির সাবেক সাংসদ মশিউর রহমান, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

জানাযা শেষে বিকালে পৌর এলাকার মুসা মিয়া সড়কের মহিষাকুণ্ডু গ্রামের পারিবারিক কররস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, তিনি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা বিস্তারে তার এবং তার পরিবারের অসামান্য অবদান রয়েছে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবায় জাহেদী ফাউন্ডেশনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।