মাদ্রাসাছাত্রী নুসরাতের জন্মদিনে ফেসবুকে পোস্টে যা লিখলেন ছোট ভাই

নুসরাত জাহান রাফিমাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জন্মদিন ছিল শুক্রবার (২০ নভেম্বর)। জন্মদিনে তার ছোট ভাই রাসেদুল হাসান রায়হানের আবেগঘন এক পোস্ট চোখের পানি ঝরিয়েছে অনেকের।

বোনের জন্মদিনে দেওয়া ফেসবুক পোস্টে রায়হান লিখেন, ‘আপু আপনাকে ভুলিনি আমি, আমার অনুভূতিতে এক স্বপ্ন হয়ে আপনি আছেন, অদৃশ্য ভালোবাসায় পূর্ণ আমার অনুভূতিগুলো, আপুনি শুনতে পাচ্ছেন কি আমার শব্দহীন চিৎকার? আপনাকে হারিয়ে এখনও এক মানসিক বিপর্যয়ে নিমজ্জিত। এই হাসিটাই আমাদের ভালো থাকার কারণ ছিল তাই না আপু? কিন্তু কিছু মানুষরূপী জানোয়ার ইতি টেনে দিলো আমাদের সম্পর্কের। শুভ জন্মদিন আপুনি। স্মৃতিচারণ ছাড়া নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাকে আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসার কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি।

নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০ দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর ৮৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দেন ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। এর মধ্যে চার জন আসামি খালাস চেয়ে উচ্চ আদালতে আইনজীবীদের মাধ্যমে আপিল করেছেন। বাকি ১২ জন আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেছেন।


আরও পড়ুন:
নুসরাতের পরিবারে বেদনার ঈদ