কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ১২শ’ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত দেশি-বিদেশিদের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুতি ব্যবস্থা বাস্তবায়নে ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ডিসেম্বর) রবিবার দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সদস্যরা এ যৌথ মহড়ায় অংশ নেন।
এতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করে। সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।
সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করে।
এসময় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী প্রকল্প এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা দিতে সবসময়ে প্রস্তুত। এই অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হয় যা ভবিষ্যতেও চলমান থাকবে।