আহত শান্তা আক্তার এনজিও আশার নরসিংদী শহরের বাজিড় মোড় শাখার (সদর-২ ব্রাঞ্চ) লোন অফিসার। তিনি শহরতলীর ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তা আক্তার দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দুই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।