কুমিল্লায় দোকানের আগুন নেভাতে গিয়ে মো.আরাফাত নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে লেপ-তোষকের দোকানসহ ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার শহরতলীর চাঁনপুর বৌবাজারে এই আগুন লাগার ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরাফাত। সে চাঁনপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন আগুনে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানটি একেবারে পুড়ে ছাই। এর পাশের জুতা, মোবাইল, মুদি, কসমেটিক দোকনসহ আরও ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন নেভাতে এসে আরাফাত নামে এক শিশু নিহত হয়েছে।
তিনি আরও জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতি হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও আনুমানিক ২০ লাখ টাকার মালামাল আগুন থেকে রক্ষা করেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বাজারে আগুন দেখে আরাফাত নামের ওই শিশুটি আগুন নেভাতে ছুটে আসে। তবে শিশুটি সাবধানতা অবলম্বন না করায় তার গায়ে আগুন ধরে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।