বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনমহান বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। আজ বুধবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ও আব্দুল আওয়াল শামীমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, তার পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।