ভোট গ্রহণের আগের দিন মৌলভীবাজার পৌরসভা নির্বাচন থেকে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশিদ বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন প্রত্যাখানের লিখিত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেন।
মেয়র প্রার্থী অলিউর লিখিত বক্তব্যে বলেন, ‘২৭ জানুয়ারি সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের তাণ্ডবের বিষয় প্রশাসনকে অবহিত করেছিলাম। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় পুলিশের নীরব ভূমিকার কারণে দলের সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা এবং সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো অব্যাহত থাকায় ৩০ জানুয়ারির নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ইতোমধ্যে জানিয়েছি। এই প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে সরকারদলীয় প্রার্থীকে বৈধতা প্রদান করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ও আমার দলের নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমুখ।