রাজশাহীর বাঘায় ধর্ষণের শিকার এক নারীর নবজাতকের দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ওই নারীর বাড়িতে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে আদর ও দোয়া করেন তিনি।
জানা গেছে, ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। তারপর তাকে বিয়ের কথা বলে সম্পর্ক করে প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম। এক পর্যায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি মামলা করেন ওই নারী। বিষয়টি জানার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অসহায় ওই নারীর মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার শিশুর লালন পালনসহ সব ব্যয় বহনের কথা দেন।
২৫ দিন আগে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয়েছে রাসেল। শিশুটিকে শুক্রবার সন্ধ্যায় কোলে নিয়ে দোয়া করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারপর শিশুর মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুসহ অনেকে।
এ বিষয়ে বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা জানান, ভুক্তভোগী ওই নারীর খবরটি শোনার পর আমি সেখানে ছুটে যাই এবং থানায় মামলা দেওয়ার ব্যবস্থা করি। তারপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিষয়টি অবগত করার পর তাৎক্ষিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন তিনি।