মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় সাপ্তাহিক ‘সময়ের সাথে’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে পৌরসভার গোলড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান হামলার ঘটনাটি নিশ্চিত করেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সাংবাদিক জয়নাল আবেদিন জানান, দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু নঈম বাশারের সমর্থনকারী নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মীর মো. সাজাহানের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ধাওয়া করতে থাকে। ওই ঘটনার ছবি মোবাইল ফোনে ধারণ করার পর সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস শাহীনুর রহমান শাহীনসহ মিজানুর রহমান মিরু এবং মনিরুল ইসলাম মনির তার নিকট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ সময় বাগবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে জয়নালের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত রাম দা দিয়ে পায়ে কোপ দেয়।
স্থানীয়দের সহায়তায় সিংগাইর থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) রাজিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন বলে জানান জয়নাল আবেদীন।
ওসি জানান, বিষয়টি নিয়ে আহত সাংবাদিক এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/