চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোট হবে রাঙামাটি পৌরসভায়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দেওয়া যায় তা দেখাতে ভোটের দুই দিন আগে কেন্দ্রে কেন্দ্রে চলছে অনুশীলন বা মক ভোটিং।
ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু হয়। রবিবার মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনও যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তাও বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
মক ভোট প্রয়োগ শেষে একাধিক ভোটার বলেন, যতটা জটিল মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি আসলো আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো।
শহীদ আব্দুল আলী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার মো. জাফর খান জানান, অনুশীলন বা মক ভোটিং সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। ইভিএম এর মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ৬২ হাজার ৮৮৪ জন ভোটার রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে পৌর প্রতিনিধি নির্বাচন করবেন।