পটুয়াখালীর বাউফলে নিজের জমিতে মাটি কাটতে বাধা দেওয়ায় পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম সুমন (২৮) কে কুপিয়ে জখম করেছে ইসমাইল (৪০) ও রেজাউল (৩৫)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় ওই ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সজল চন্দ্র (২৬)। ঘটনার সময় ভাঙচুর করা হয়েছে সজল চন্দ্রের মোটরসাইকেল।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ইসমাইল ও রেজাউল এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। এর আগেও তারা স্থানীয় অনেক বাসিন্দার ওপরে হামলা করেছে।
জানা গেছে, পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম সুমনের পৈত্রিক বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। গত দুই সপ্তাহ আগে রবিউল জানতে পারে তাদের জমি থেকে ইসমাইল মাটি কেটে তার বসত-ভিটায় ফেলতেছে। খবর পেয়ে ওই ছাত্রলীগ নেতা রবিউল ইসমাইলকে মাটি কাটতে নিষেধ করেলে স্থানীয়দের উপস্থিতিতে ইসমাইল আর মাটি কাটবে না বলে শিকার করেন। কিন্তু ইসমাইল লুকিয়ে লুকিয়ে মাটি কাটতে থাকে। ঘটনার দিন ইসমাইলকে মাটি কাটায় বাধা দেয় রবিউল। এতেই ক্ষিপ্ত হয় ইসমাইলের ভাই রেজাউল এবং বাকবিতন্ডায় জড়ায় রবিউলের সঙ্গে। এক পর্যায় ইসমাইল রাম দা ও রেজাউল শাবল নিয়ে এলোপাতাড়ি কোপতে থাকে। রবিউলের ডাক চিৎকারে পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সজল চন্দ্রে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ বলেন, রেজাউল এলাকার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। দু’জন ছাত্রলীগ নেতার ওপরে এভাবে হামলার ঘটনায় আমরা ক্ষুদ্ধ। আমরা তাদের কঠিন শাস্তির দাবি জানাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুব্রত কুমার বিশ্বাস বলেন, যেহেতু মাথায় ইনজুরি হয়েছে তাই পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি এখনও আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।