স্বাস্থ্যবিধি না মানায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধে কক্সবাজারের টেকনাফ পৌরসভায় প্রধান সড়ক ও বাজারে জনসচেতনতাসহ তৎপরতা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় ৩১টি মামলা দেওয়া হয়েছে। 

রবিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা সংক্রমণ ঠেকাতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরীর নেতৃত্বে দুটি টিম টেকনাফ পৌরসভায় মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করে। পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ স্থানে নজরদারি। এ অভিযানে উপস্থিত ছিলেন– উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, পরির্দশক (অপারেশন) খোরশেদ আলম প্রমুখ। 

অভিযানকালে ইউএনও জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দুই শতাধিক গাড়ির চালকসহ পথচারীকে মাস্ক পরানো হয়। এছাড়া ৩৩টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজ থেকে জরিমানা আদায় করা হয়।’

করোনা সংক্রমণ রোধে মাইকিং করে সচেতন করা হচ্ছে উল্লেখ করে এই কর্মকর্তা আরও জানান, করোনা আতঙ্ক নয়, সচেতন থাকলেই এর সংক্রমণ থেকে বাঁচা যায়।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর জানান, করোনা প্রতিরোধে ও স্বাস্থ্যবিধি রক্ষায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ দুটি মামলায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষা ও জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।