করোনায় মা-মেয়ের মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে স্বল্প সময়ের ব্যবধানে মারা গেলেন মা-মেয়ে। বুধবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী জয়নবের নেছা (৭৫) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যান। এর আগে সোমবার ভোর রাতে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মেয়ে ফাতেমা বেগমের (৫৮)।

ফাতেমা আক্তার কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। ফাতেমার ছেলে সাইদুর রহমান তার মা ও নানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত জয়নবের ভাতিজি সাহিদা আক্তার জানান, ফুফু গত শনিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। একদিন পর রবিবার ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার ভোর রাতে ফাতেমা আক্তার মারা যান। এরপর বুধবার সকাল সাড়ে ৮টায় ফুফু মারা যান।

স্বল্প সময়ের ব্যবধানে মা-মেয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।