রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় ওয়ার্ড পর্যায়ে মডার্নার টিকা দেওয়া হবে। তবে এবার মাত্র দুই দিন এই টিকা দেওয়া হবে। নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪ কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, প্রথম ডোজের নিবন্ধিতরাই এই টিকা গ্রহণ করতে পারবেন।
রাজশাহীর সির্ভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, ‘মডার্নার টিকা রাজশাহীতে চলে এসেছে। এই টিকা শুধু সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। এজন্য সিটি করপোরেশনকে টিকা নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’
রাজশাহী সিটি কপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, তারা টিকা সিভিল সার্জন দফতর থেকে নিয়ে এসেছেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে মানুষের মধ্যে টিকা গ্রহণে বেশি আগ্রহ দেখা দেওয়ায় ৭ ও ৮ আগস্ট ৭৮ হাজার ৮৭৩ জনকে টিকা প্রদান করেই ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়। এরপর নগরীতে চালু থাকা চারটি কেন্দ্রেও মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম (প্রথম ডোজ) মঙ্গলবার (১০ আগস্ট) থেকে সাময়িক স্থগিত করা হয়েছিল। সেই টিকা আবার ১৪ ও ১৬ আগস্ট দেওয়া হবে।
এদিকে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১০ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ২৯০ জন ও নারী ৪ হাজার ৮৪৯ জন। রাজশাহীতে টিকা নিয়েছেন ২ হাজার ৬৯৬ জন। পুরুষ এক হাজার ৪০৯ জন ও নারী এক হাজার ২৮৭ জন। চাঁপাইনবাগঞ্জে নিয়েছেন এক হাজার ১৩৪ জন। পুরুষ ৫৭০ জন, নারী ৫৬৪ জন। নাটোরে ২৮৫ জনের মধ্যে পুরুষ ১৪৯ জন, নারী ১৩৬ জন। নওগাঁয় ২ হাজার ৯৫৪ জন। পাবনায় ১৪৪ জনের মধ্যে পুরুষ ৯২ জন, নারী ৫২ জন। সিরাজগঞ্জে এক হাজার ১৪৯ জনের মধ্যে পুরুষ ৫৮৩ জন ও নারী ৫৬৬ জন। বগুড়ায় এক হাজার ৩২৬ জনের মধ্যে পুরুষ ৭৪৯ জন, নারী ৫৭৭ জন। জয়পুরহাটে ৪৫১ জনের মধ্যে পুরুষ ২৩৫ জন, নারী ২১৬ জন।