শোক দিবসে ইউপি কার্যালয়ে আলোকসজ্জা ও উচ্চশব্দে গান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউপি কার্যালয়ে আলোকসজ্জা ও উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। শনিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। জাতীয় শোক দিবসে এমন বর্ণিল আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে রবিবার (১৫ আগস্ট) সকালে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দনাথ বসাক বলেন, ‘চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শোক দিবসে তার সম্পূর্ণ কার্যালয় আলোকসজ্জা করেন ও উচ্চশব্দে মাইকে গান বাজান। জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে যা মোটেও ঠিক হয়নি।’

অভিযোগের বিষয়ে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ‘ইউনিয়ন পরিষদ আলোকসজ্জায় সাজানো হয়েছে। কিন্তু গান বাজানোর বিষয়ে আমার জানা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে গান বাজানোর বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটলে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ‘জাতীয় শোক দিবসে চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন এতে আমি মর্মহত। শোক দিবসের পরে এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম জানান, শোক দিবসের কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা বা বর্ণিল কোনও আয়োজন করার কথা নয়। কেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এমন কাজ করা হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।