বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও এর উপসর্গে পাঁচ জন মারা যান। এ সময় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন। সুস্থ হয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৪৭ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার সাজ্জাদ-উল-হক নির্ঝর এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসে মৃত ছয় জনের মধ্যে দুজন বগুড়ার বাসিন্দা। তারা হলেন– সদরের নুর জাহান (৭৫) ও ইসরাফিল প্রামাণিক (৮৫)।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। একই হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে একজনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় তিন জনের করোনা পজিটিভ হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত ৪৬ জনের মধ্যে সদরের ৩৪ জন, সোনাতলা, আদমদীঘি, দুপচাঁচিয়া ও কাহালুতে দুজন করে এবং সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর ও শেরপুরের একজন করে রয়েছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।

সূত্রটি আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৪৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪১ জন।