বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর স্ত্রীকে (৩০) জুতার মালা পরিয়ে লাঠিপেটা করে গ্রামছাড়া করার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় চলে এ নির্যাতন। এ ছাড়া ওই গৃহবধূকে অত্যাচার-নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভয় ও লজ্জায় নিজ গ্রাম ছেড়ে দূরের এক আত্মীয় বাড়িতে আশ্রয় নেওয়া নির্যাতনের শিকার ওই গৃহবধূ বলেন, ‘আমার বাড়ির আশপাশের লোকজন আমার এক ভরি ওজনের গলায় চেইন, আট আনা ওজনের কানের দুল এবং ৯৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন নিয়ে গেছে। কাওসার মেম্বার ও জানিক আমাকে জুতোর মালা পরিয়েছে এবং কঞ্চি দিয়ে পিটিয়েছে। আর এর ভিডিও সব জায়গায় ছড়িয়েছে। আমি এর বিচার প্রশাসনের কাছে চাই।’
এ সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে সংশ্লিষ্ট ইউপি সদস্য কাওসার চৌধুরী ও জানিক চৌধুরীসহ উপস্থিত বেশকিছু নারী-পুরুষ বলেন, ‘ওই নারী বিভিন্ন লোকের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছে। সোমবার রাতে এক ব্যক্তিসহ ঘরের ভেতরে তাকে ধরার পর তার বিচার করা হয়। কেবল জুতার মালা গলায় দিয়ে এবং কঞ্চির লাঠি দিয়ে পিটিয়ে লাঞ্ছিত করেছি, তার বিচার আরও কঠিন হওয়া উচিত ছিল।’
এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে থানায় কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।’